কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ৪ আগস্ট, ২০২৬। কিছুদিন ধরেই দেশের রাজনৈতিক আলোচনায় বারবার উঠছে ‘ককরোচ’ শব্দটি। সম্প্রতি ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ ঘিরে দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্ত উত্তালও হয়। সেই ঘটনার পর থেকেই সংবাদ শিরোনাম ও সমাজমাধ্যমে ‘ককরোচ’ নিয়ে নানা আলোচনা, ব্যঙ্গ-বিদ্রূপ এবং কৌতুকের ঝড়। ঠিক এমন সময়েই সামনে এল এক অভিনব উদ্যোগ। তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জি-দের আকর্ষণ করতে বিহারে চালু, এক ব্যতিক্রমী ক্যাফে ! নাম ‘ককরোচ ক্যাফে’ বা ‘আরশোলা ক্যাফে’।
নাম শুনেই অনেকের ভ্রু কুঁচকে যেতে পারে, হেসেও ফেলতেই পারেন। কিন্তু এই নামের জোরেই এখন ক্যাফেটির ব্যাপক জনপ্রিয়তা।
জানা গিয়েছে, বিহারের নালন্দা জেলার হিলসা বাইপাস এলাকায় তৈরি হয়েছে এই নতুন ক্যাফে। মাত্র তিন দিন আগে যাত্রা শুরু করলেও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল ক্যাফেটির ছবি। আর সেই ছবিই কৌতূহল বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের। নেটিজেনদের একাংশ মজার ছলে মন্তব্য করেছেন, “এখন যদি খাবারের মধ্যে কোনও পোকা পাওয়া যায়, তা হলে আর অভিযোগ করার সুযোগই থাকবে না!”
এই রসিক মন্তব্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে নাম নিয়ে হাসি-ঠাট্টা হোলেও ক্যাফেটির সাজসজ্জা যথেষ্টই আকর্ষণীয় এবং রুচিসম্মত।
ক্যাফের ভিতরে ঢুকলেই চোখে পড়ে এক মনোরম পরিবেশ। অন্দরসজ্জায় কালো রঙের প্রাধান্য রাখা হয়েছে, যা জায়গাটিকে আধুনিক ও স্টাইলিশ চেহারা দিয়েছে। টিনের ছাদ থেকে ঝুলছে হলুদ রংয়ের আলোর ল্যাম্প, সন্ধ্যার আবহ তাতে আরও উষ্ণ ও আরামদায়ক। দেওয়ালজুড়ে কৃত্রিম লতা ও ফুলের সাজ। অতিথিদের জন্য কালো বেতের সোফা, ওপরে লাল রঙের কুশন। আরশোলা ভাইবস আনার চেষ্টা !
তবে সবচেয়ে বেশি কৌতূহল ক্যাফেটির নাম নিয়ে। কেন এমন নাম? এই প্রশ্নের উত্তরে ক্যাফের মালিক জানিয়েছেন, বর্তমান প্রজন্ম সবসময় একটু আলাদা, নতুন এবং ব্যতিক্রমী কিছু খোঁজে। তাঁর কথায়, ‘রয়্যাল ক্যাফে’ বা এমন সাধারণ নামের ক্যাফে দেশে অসংখ্য। কিন্তু ‘ককরোচ ক্যাফে’ একটাই। তাই এমন একটি নাম বেছে নেওয়া হয়েছে, শুনেই মানুষের মুখে হাসি ফুটবে, কৌতূহল তৈরি হবে এবং সহজেই সবার নজর কেড়ে নেবে।
একটি অদ্ভুত নামকে হাতিয়ার করে শুরু হওয়া এই উদ্যোগ এখন কৌতূহল, হাস্যরস এবং ব্যবসায়িক ভাবনার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। নাম শুনে অবাক লাগলেও, সেই বিস্ময়ই আজ মানুষকে টেনে নিয়ে যাচ্ছে ‘ককরোচ ক্যাফে’-র দরজায়। তাহলে ব্যতিক্রমী নামই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় পরিচয়, আর তাতেই বাজিমাত ! আরশোলাকে তাহলে ভয় বা ঘেন্না কোনটাই করার দরকার নেই।
