কঙ্ক ঘোষ দস্তিদার : আগরতলা, ৫ জুলাই, ২০২৬। আগরতলার আকাশে তখনও ভোরের আলো। শঙ্খধ্বনি, ধূপের সুগন্ধ আর মন্দিরচত্বরে ভক্তদের প্রার্থনায় এক অন্যরকম পবিত্র আবহ। সেই আধ্যাত্মিক পরিবেশকেই সঙ্গী করে এক নতুন চলচ্চিত্রের পথচলার সূচনা। শনিবার উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে পূজা ও বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ মহরৎ এ এন্ড কে ভিশন ফিল্মস প্রযোজিত নতুন বাংলা ছবি ‘পিশাচ’-এর।
চলচ্চিত্রের নামেই রহস্য, ভয় আর রোমাঞ্চের আভাস। তবে নির্মাতাদের দাবি, এই ছবি শুধুমাত্র ভৌতিক আবহে সীমাবদ্ধ থাকবে না। বরং ছবির গল্প গভীর মানবিক, এক বাবা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, আবেগ, বিশ্বাস এবং পারিবারিক মূল্যবোধের অনন্য প্রকাশ। কিছু হৃদয়স্পর্শী মুহূর্ত, বর্তমান প্রজন্মকে পারিবারিক বন্ধনের গুরুত্ব নতুন করে ভাবতে শেখাবে।
নাট্যমঞ্চ থেকে রুপোলি পর্দা, দুই জগতেই সমান স্বচ্ছন্দ সুস্মিতা বিশ্বাস। চরিত্রের ভেতর ভেতরে ঢুকে, তাকে জীবন্ত করে তোলাই তাঁর অভিনয়ের সহজাত ক্ষমতা। মঞ্চে তাঁর উপস্থিতি দর্শকের দৃষ্টি আটকে রাখে অনায়াসে, আর ক্যামেরার সামনে তাঁর সংযত অথচ গভীর অভিব্যক্তি চরিত্রকে দেয় নতুন মাত্রা। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করে তিনি কেবল প্রশংসাই অর্জন করেননি, জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়েও। ঝুলিতে রয়েছে একাধিক সম্মান ও স্বীকৃতি, তবে পুরস্কারের চেয়েও বড় তাঁর শিল্পীসত্তা। প্রতিটি নতুন চরিত্রে নিজেকে নতুন করে ভাঙ্গেন, গড়েন, আর অভিনয়ের উৎকর্ষকে নিয়ে যান আরও এক ধাপ ওপরে। সেই সমৃদ্ধ অভিজ্ঞতা ও অভিনয়ের গভীরতাই এবার যুক্ত, ‘পিশাচ’-এর সঙ্গে।
এই ছবির ভাবনা ও নির্মাণের দায়িত্বে পরিচালক পীযুস দাস। গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা তিনটিই তাঁর। প্রযোজক কুমারশঙ্কর শর্মার প্রযোজনায় তৈরি হতে চলা এই সিনেমাকে ঘিরে ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বৃহত্তর দর্শকের সামনে তুলে ধরার লক্ষ্যও এই ছবির নেপথ্যে। দীর্ঘদিন ধরেই রাজ্যের সংস্কৃতি, ইতিহাস ও লোকঐতিহ্য বিশেষভাবে সমাদৃত। সেই ঐতিহ্যকে বড় ক্যানভাসে তুলে ধরতেই এ এন্ড কে ভিশন ফিল্মস প্রথমবারের মতো এমন একটি বৃহৎ বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে।
মুখ্য ভূমিকায় উত্তম দাস, শঙ্কর বৈদ্য, চিন্ময় রুদ্র পাল, মনিদীপা দাস এবং সুরজিৎ চক্রবর্তী। তাঁদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তরুণ শিল্পী অস্মিতা মল্লিক এবং পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা বিশ্বাস। এছাড়াও আরও কয়েকজন নতুন মুখ এই ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন।
মন্দির প্রাঙ্গণে পূজা, মন্ত্রোচ্চারণ এবং শুভ সূচনার মধ্য দিয়ে ছবির যাত্রা শুরু হওয়ায় গোটা অনুষ্ঠান জুড়েই ছিল এক অনন্য আবেগের আবহ। নির্মাতাদের বিশ্বাস, মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে শুরু হওয়া এই সিনেমার পথচলা দর্শকের মনেও একইভাবে জায়গা করে নেবে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ দিকেই মুক্তি পেতে পারে ‘পিশাচ’।
