কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর: ই-কমার্সের গণতন্ত্রীকরণ এবং লজিস্টিকসের শক্তিই এই কর্মশালার মূল বিষয়
নিজস্ব প্রতিনিধি : বনগাঁ, উত্তর ২৪ পরগনা ১৯ জুন, ২০২৬: উত্তর ২৪ পরগনা জেলার স্বনির্ভর গোষ্ঠী (এসএইচজি)-র নারী উদ্যোক্তাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তুলতে ভারতের ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন (এনআরএলএম) এবং পলিসি ওয়াচ ইন্ডিয়া ফাউন্ডেশন। এই উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য দেশের বৃহত্তর অনলাইন বাজারে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য শুক্রবার একটি কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাগদা থেকে বিধায়ক শ্রীমতী সোমা ঠাকুর এবং ফ্লিপকার্ট এর সিনিয়র অফিসার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী শান্তনু ঠাকুর বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ‘লাখপতি দিদি’ কর্মসূচির মূল উদ্দেশ্য হল দেশের গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। দেশের ৩ কোটি গ্রামীণ নারীকে ‘লাখপতি দিদি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। এই প্রশিক্ষণ শিবির ও কর্মশালা সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি আরও বলেন, “উত্তর ২৪ পরগনার নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প, বোনা শাড়ি এবং বিভিন্ন গৃহভিত্তিক পণ্যের বাজার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই পণ্যগুলি দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে, যা তাঁদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
কর্মশালায় ফ্লিপকার্টের প্রতিনিধিরা অনলাইন বিপণন, পণ্য তালিকাভুক্তকরণ, প্যাকেজিং, লজিস্টিকস ব্যবস্থাপনা এবং ই-কমার্স প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য উপলব্ধ বাজার সম্প্রসারণের সুযোগ এবং ডিজিটাল ব্যবসার বিভিন্ন দিক সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারাও তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এই উদ্যোগের মাধ্যমে উত্তর ২৪ পরগনার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য নতুন বাজারের দ্বার উন্মোচিত হবে এবং তাঁদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আয়োজকদের আশা।
