শিখা দেব : কলকাতা, ৮ অক্টোবর, ২০২৬। ১৯৭৬ সালের ইতিহাসকে ফিরিয়ে আনল সবুজ মেরুন ব্রিগেড। কলকাতা লিগ জয়ের পাশাপাশি আইএফএ শিল্ড জিতে নতুন অধ্যায় রচনা করল মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শিল্ড ফাইনালে মোহনবাগান ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে নজির গড়ল।
এদিন খেলায় শুরুতে দুই দলই আগ্রাসী ভূমিকা নিয়ে খেলতে থাকে। হঠাৎই রক্ষণাত্মক হয়ে পড়েন ইস্টবেঙ্গল ফুটবলাররা। সেই সুযোগে আক্রমণের চাপ বাড়ায় মোহনবাগান। তাই বারবার গোল বক্সে হানা দেন সবুজ মেরুন খেলোয়াড়রা।
খেলার ৪৫ মিনিটে লাল হলুদ ডিফেন্সের ভুলে বল পেয়ে যান সাহাল আব্দুল সামাদ। তাঁর ভাসানো সেন্টারে সমীর জালকোভিচ গোল করতে ভুল করেননি। মোহনবাগান ১-০ গোলে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে
জয় গুপ্তাকে তুলে লুকাস জেলোনস্কিকে মাঠে নামান কোচ হাবাস। তাতে কোনও লাভ হয়নি। পরবর্তীতে সমতা ফেরাতে পি ভি বিষ্ণু, একে লোবা, ক্রিস ইকোনোমিডিসকে মাঠে নামান ইষ্টবেঙ্গল কোচ। আক্রমণের চাপ বাড়াতে চেষ্টা করে লাল হলুদ ব্রিগেড। কিন্তু, মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ অত্যন্ত সতর্ক ছিলেন। শিল্ড জিতে ডুরান্ড ফাইনালে হারের বদলা নিয়ে টানা দু’বার শিল্ড খেতাব জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন মাঠে এসেছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
