নিম্নচাপ এখন অনেকটাই দুর্বল তবে বৃষ্টি এখনও চলবে…।

কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ৩০ জুন, ২০২৬। নিম্নচাপ এখন অনেকটাই দুর্বল। বাংলার ওপর থেকে সরাসরি প্রভাবও সরে গিয়েছে। তবে তাই বলে বৃষ্টির বিদায় এখনই নয়।বর্ষার চেনা ছন্দে আরও কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা, আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট। কোথাও হালকা ঝিরঝিরে বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বর্ষণ। বিশেষ করে উত্তরবঙ্গের জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও সপ্তাহের শুরুতে বৃষ্টির পরিমাণ বাড়বে,পূর্বাভাস।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বাংলা ছেড়ে এখন ছত্রিশগড়ের দিকে। তবে মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয়। এই অক্ষরেখাটি রাজস্থানের গঙ্গানগর থেকে ছত্রিশগড়ের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে পুরী হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সেই কারণেই রাজ্যে আর্দ্রতা এবং বৃষ্টির অনুকূল পরিবেশ।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার বেশিরভাগ জায়গায় ঝিরঝিরে অথবা হালকা বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা। তাই প্রয়োজন ছাড়া খোলা জায়গায় দীর্ঘক্ষণ না থাকার পরামর্শ সবাইকে।

শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে রবিবার ও সোমবার ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির আবার সম্ভাবনা। আর মঙ্গলবার থেকে ফের সক্রিয় হতে পারে বর্ষা। ওই দিন বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষার দাপট আরও বেশি থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার আবারও অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির ফলে ভূমিধ্বস কিংবা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কলকাতার আবহাওয়া আপাতত মেঘলা আকাশ আর হালকা বৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আগামী কয়েকদিন শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে কিংবা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি না হলেও, বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। তাপমাত্রা খুব বেশি না থাকলেও ভ্যাপসা গরমের অনুভূতি থাকবেই। সোমবার থেকে কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী কয়েকদিন বাইরে বেরোনোর সময় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

 

 

More From Author

Aakash Educational Services Limited (AESL) Felicitates over 100 NEET & JEE 2026 Toppers at the Champions of Aakash Event, a success unparalleled in the  Test Prep Sector….

কিছু মানুষ হারিয়ে যায় অকারনেই….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *