কঙ্ক ঘোষ দস্তিদার : কলকাতা, ১১ আগস্ট, ২০২৬। শ্রাবণের শেষবেলাতেও দুর্যোগের মেঘ ! নিম্নচাপের কাঁটা বঙ্গে। সোমবার সন্ধ্যায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আচমকাই কালো মেঘে ঢেকে যায়। তারপরেই প্রবল বৃষ্টি। ঘণ্টাখানেকের টানা বৃষ্টিতে শহরের একাধিক রাস্তা কার্যত জলের তলায় চলে যায়। কোথাও হাঁটুসমান জল, কোথাও আবার রাস্তা আর নিকাশি নালার ফারাক বোঝার উপায় নেই। বাড়ি ফেরার সময় বৃষ্টির জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। যানজট, জলমগ্ন রাস্তা এবং ধীরগতিতে যান চলাচল, ফলে রাস্তাতেই আটকে থাকতে হয়।
সোমবারের দুর্ভোগ কাটতে না কাটতেই আরও বড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। বুধবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আবার প্রবল সম্ভাবনা। পাশাপাশি মৌসুমী অক্ষরেখার অবস্থানও আবহাওয়ার পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলেছে। এই অক্ষরেখা বিকানীরের পর মধ্যপ্রদেশের নিম্নচাপ ক্ষেত্রের মধ্যে দিয়ে এগিয়ে ডালটনগঞ্জ হয়ে দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে বিস্তৃত এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। একদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের শক্তি বৃদ্ধি, অন্যদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা এই দুইয়ের প্রভাবেই বঙ্গোপসাগরে নিম্নচাপ।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ মোট আট জেলায়। কলকাতা, হাওড়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
বুধবার পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল। সপ্তাহান্তে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট থাকবে। মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে নিচের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি। বুধবার উত্তরবঙ্গের পরিস্থিতিও কিছুটা বদলাতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
মঙ্গলবার ও বুধবার শহরে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সোমবারের মতো ফের জলজট এবং যানজটের আশঙ্কা থাকছেই। সোমবার শহরে বৃষ্টির পরিমাণ ৬২.৮ মিলিমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৯ শতাংশ।
অতএব জনগণের ছাতা বা রেনকোট সঙ্গে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
