নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর, ৩১ জুলাই, ২০২৬। একই রাতে পাশাপাশি দুটি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কৃষ্ণনগর শহরের অরবিন্দ রোড এলাকায়। অভিযোগ, কলকাতায় কর্মরত সাংবাদিক ও সমাজকর্মী সমীর দাসের দোতলা বাড়ির একাধিক তালা ভেঙে নগদ ৩৭ হাজার টাকা, সোনা-রুপোর গয়না, একটি চামড়ার ব্যাগ, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং তফসিলি জাতি (নমঃশূদ্র) শংসাপত্র-সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। পরিবারের দাবি, চুরি যাওয়া সামগ্রীর বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লক্ষ টাকা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, একই রাতে বাড়ির পিছনে অবস্থিত কৃষ্ণনগর পৌর পরিচালিত কাজী নজরুল পৌর প্রাথমিক বিদ্যালয়েও চুরি হয়েছে। সেখান থেকে মিড-ডে মিলের খাদ্যসামগ্রী ও রান্নার বাসনপত্র উধাও হয়েছে বলে অভিযোগ। পরপর দুই চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
সাংবাদিক সমীর দাসের কথায়, “কর্মসূত্রে কলকাতায় থাকি। বৃদ্ধা মায়ের চিকিৎসার জন্য প্রায়ই তাঁকে নিয়ে বাইরে যেতে হয়। সেই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে চুরির ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। নিরপেক্ষ তদন্ত, দ্রুত দোষীদের গ্রেফতার এবং চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধারের দাবি জানাচ্ছি।”
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
