নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৫ অক্টোবর, ২০২৬। ফেডারেশনের কথা মত আগামী ৪ নভেম্বর নির্বাচন হচ্ছে না। আইএফএ চিঠি দিয়ে ফেডারেশনকে জানায় দুর্গা পুজোর জন্য সমস্ত কাজকর্ম বন্ধ থাকায় নির্দিষ্ট দিনে করা সম্ভব নয়। তাই আগামী ১৪ নভেম্বর আইএফএ-তে নির্বাচনের দিন ঠিক করা হয়েছে। শনিবার সুবর্ণবণিক সমাজ হলে আইএফএ-র বিশেষ বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের দিনের কথা জানানো হয়েছে।
এদিনের সভায় নতুন সংবিধান গৃহীত হল আইএফএ-তে। তাই নতুন সংবিধান অনুযায়ী গঠন করা হবে নতুন কমিটি। এই কমিটিতে ১৫ জন সদস্য থাকবেন। বেতনভূক সচিব হবেন রাজ্য ফুটবল সংস্থায়। তবে সংস্থা পরিচালনা করবেন সভাপতি। ১৫ জন সদস্যের কমিটিতে তিনজন সহসভাপতি থাকবেন। তার মধ্যে একজন মহিলা সদস্য নির্বাচিত হবেন। আগামী ২৮ অক্টোবর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। যদি আপত্তি থাকে, তা জানাতে হবে ৩০ অক্টোবরের মধ্যে। ৩১ অক্টোবর থেকে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। জমা দেওয়ার শেষ দিন ৩ নভেম্বর। ৭ নভেম্বর মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে। আর ৯ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে। ১০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আর ১১ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
এখানে উল্লেখ করা যেতে পারে, একজন সভাপতি, তিনজন সহসভাপতি ও একজন কোষাধ্যক্ষ সহ অন্যদের নির্বাচনের মাধ্যমে কমিটিতে আসতে হবে। ১৫ সদস্যের কমিটিতে চারজন মহিলার পাশে জাতীয় স্তরের খেলোয়াড়কে অন্তর্ভুক্ত হবেন। এদিনের সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান সুব্রত দত্ত।
