রসগোল্লা দিবস…।

সুদীপা চৌধুরী : মেদিনীপুর, ১৪ নভেম্বর, ২০২৬। আজ রসগোল্লা দিবসে মনে পড়লো সেই পুরোনো কথা নিজে হাতে কোন কিছু তৈরি করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বিশেষ করে সেই জিনিসটা যদি আমার পছন্দের আমার ভালো লাগার জিনিস হয় তাহলে তাকে যত্ন করে নিজের হাতে মনের মতো করে গড়ে তুলতে উৎসাহ পাই।

রসগোল্লা প্রতিটি বাঙালির কাছে এক ইমোশন। বাঙালির ঐতিহ্য, ভালোবাসা স্মৃতি, যত্ন , মায়া, আদর, এমন কি বন্ধুত্ব জড়িয়ে রয়েছে রসগোল্লার সাথে। ওই সুন্দর নরম তুলতুলে সাদা ধবধবে রসে টইটুম্বুর গোলাকৃতি চেহারার মধ্যে যে এতো আকর্ষণ তা বাঙালি বেশ বোঝে।

এমন কোন বাঙালি নেই যে রসগোল্লা খায়নি বা খেতে পছন্দ করেনা। সুখে দুঃখে আনন্দে হাসি কান্নায় পুজো বিয়ে অন্নপ্রাশন ইত্যাদি জীবনের সব ক্ষেত্রেই এমনকি কারণে-অকারণে এর প্রবেশ অবাধ। যদিও আজ বিশ্ব ডায়াবেটিস দিবস যতই অসুখ করুক রক্তে চিনির মাত্রা ব্যাপক হোক রসগোল্লা দেখলে মন আর জিহ্বা একসাথে নেচে ওঠে।

আগেকার দিনে এবং এখনো কিছু কিছু দোকানে হাঁড়িতে রসগোল্লা পাওয়া যেত। বেশ বড় একটা মাটির হাড়ি উপরে শাল পাতা দিয়ে আটকানো আর তাতে তার মধ্যে জিনিস রসে কিংবা খেজুর রসে সাঁতার কাটছে একতাল ছানার ছানাপোনারা। আহা: এমন দৃশ্যের কথা ভেবেই যেন মন রসগোল্লা রসগোল্লা করে ওঠে।

তার স্বাদ একটু ভিন্ন কারণ ওই মাটির হাঁড়ির গন্ধটা ছানার রসগোল্লার সাথে মিলেমিশে তাকে আরো উপাদেও করে তুলত।

ভারতীয় উপমহাদেশেই রসগোল্লার আবির্ভাব, ইতিহাস তো তাই বলে। বহু যুগ পুরাতন এই শিল্পকলা যা রসগোল্লা নামে পরিচিত,১৮৬৮ সালে কলকাতার বাগবাজারের নবীনচন্দ্র দাস মহাশয়ের হাতে রসগোল্লা নাম নিয়ে জন্মগ্রহণ করেছিল। যদি ওই ক্ষেত্রে খানিকটা মতভেদ রয়েছে রানাঘাটের এক মিষ্টান্ন তৈরীর শিল্পীর সাথে।

রসগোল্লা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার মধ্যে। উড়িষ্যার দাবি ছিল রসগোল্লা তাদের মিষ্টি, প্রসঙ্গত জগন্নাথদেবের ভোগের মধ্যে রসগোল্লা উল্লেখযোগ্য ভোগ হিসেবে পরিগণিত হয়। কিন্তু অবশেষে সব বিতর্কের অবসান ঘটিয়ে ২০১৭ সালে পশ্চিমবঙ্গকেই রসগোল্লা সৃষ্টির জিআই (Geographical Indication) ট্যাগ দেওয়া হয়, এ তো অবশ্যই গর্বের। যদিও পুরীতে গিয়ে আমরা যে রসগোল্লা খেয়েছি তাও যথেষ্ট সুস্বাদু সাইজে বড় এবং সম্পূর্ণ ছানার অন্য কিছু মিশ্রিত নেই।

তবে রসগোল্লার সাথে বাঙালির প্রেম বাঙালির সম্পর্কই সবচেয়ে গভীর বলে মনে হয়। ছানা নামক জিনিসটিকে নিয়ে বাঙালির নিত্যনতুন অনেক চমকপ্রদ সৃষ্টি জড়িয়ে রয়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উল্লেখযোগ্য হল এই রসগোল্লা।

‘রসগোল্লা’ নামটাই যেন এক অদ্ভুত মেদুরতায় ভরা। নাম শুনলেই টান অনুভব করা যায়। ছোট বড় বুড়ো সকলেই রসগোল্লা খেতে ভালোবাসে। এমন কি অন্যান্য ভাষাভাষীর মানুষেরাও রসগোল্লা বেশ পছন্দ করে।

বিশেষ করে অন্যান্য রাজ্যের মানুষ যখন কলকাতার কথা ওঠায় তখন কিন্তু তারা প্রথমে রসগোল্লার কথা বলে। রসগোল্লা আর বাঙালি এই দুটো যেন একে অপরের পরিপূরক।

তো এই রসগোল্লা নিয়েই করেছিলাম এক্সপেরিমেন্ট বেশ কয়েক বছর আগে। একদিন সন্ধ্যাবেলায় ফ্রিজে দেখলাম চার প্যাকেট দুধ জমে রয়েছে, খাওয়া হয়নি। কি করবো ভাবতে ভাবতে তখন এতো ইউটিউবের রমরমাও হয়নি যে সেখানে দেখে কিছু বানাবো। প্রথমে মাথায় এলো পায়েস বানাই কারণ তখন শীতকাল। কিন্তু ক্ষণিকের মধ্যেই ভাবলাম না ওটা তো প্রায়ই খাওয়া হয় অন্য কিছু করি।

ঠিক করলাম একটু রসগোল্লা বানানোর ট্রাই করি। রান্না করতে প্রচন্ড ভালো লাগে বিশেষ করে নতুন কিছু বানাতে। আর মিষ্টির তো আমি খুব খুব ভক্ত। তো সেই অনুযায়ী দুধ জ্বাল দিয়ে ছানা কাটিয়ে নিলাম। যেহেতু তখন শীতকাল ছিল ঘরে খেজুর গুড় ছিল, তো ঠিক করলাম তাহলে গুড়ের মিষ্টি বানাই। বেশ অনেকটা পরিমাণ ছানা যেহেতু হয়েছিল বাইন্ডিংসের জন্য সামান্য ময়দা মিশিয়ে ছিলাম। ছানাটাকে মাখতেই যা সময় লেগেছে বাকিটা খুব সহজেই হয়ে গেছিল। ছোটো আবার বলছিল মানু ওই রসগোল্লার মধ্যে যে একটা বাচ্চা রসগোল্লা থাকে না, সেটাও কি তুমি করেছ! আমি তখন বললাম না বেটু সেটা তো করিনি ওটা আসলে নকুল দানা দেওয়া হয় যাতে সাইজটা মানে গোলা আকৃতি টা বজায় থাকে। আর ভেতরের রসটা ভালো করে ঢোকে। কিন্তু প্রথমবার বানিয়ে দেখলাম যখন রসে ওগুলো ফুটছে আর সাইজ ডবল হয়ে যাচ্ছে, তাতেই বুঝলাম না ঠিকঠাকই হবে খালি মনে মনে ভাবছিলাম শক্ত যেন না হয়, তাহলে তো কেউ খাবেই না। যেহেতু ছানাটা অনেকক্ষণ ধরে মেখে ছিলাম তাই শক্ত হয়নি।

গ্যাস অফ করে আমার তো আর তোর সইছে না কতক্ষণে খাব। যাইহোক খেয়ে বুঝেছিলাম না প্রথমবারেই সফল হয়েছি একেবারে খারাপ হয়নি। আর তাছাড়া জিনিসগুলো তো ভালো ভালো ছানা, গুড়, সাথে আমার পরিশ্রম ভালোবাসা ইচ্ছা এসব মিলেমিশে খারাপ হবেই বা কোথা থেকে।

একদম পারফেক্ট রসগোল্লা তাও আবার গুড়ের। নিজে নিজেই ভাবছিলাম জীবনের এটা বিশাল অ্যাচিভমেন্ট। ছোটো আর ওর পাপার তো খুব ভালোই লেগেছিল কিন্তু দুঃখের বিষয় এই মিষ্টি জাতীয় জিনিসগুলো ওদের ভাগ্যে একটু কম জোটে,আমার কারণেই।

ছবি দেখলেই সেই পুরনো কথাগুলো খুব মনে পড়ে। খুব উৎসাহ নিয়ে সেদিন বেশ কয়েকটা ছবি তুলে রেখেছিলাম।

সেই সময় তো এতো ফেসবুক করতাম না পোস্ট করা হয়নি। আজকে করলাম বেশ অনেক কটা বছর পরেই স্মৃতির সাগর থেকে খুঁজে এনে।।

More From Author

From Culinary Showdowns to Championship Glory! Sourav Das and Prerana Das Take Home the Winning Trophy on Sony AATH’s Raandhuni Na Kaanduni….

Sunfeast Mom’s Magic celebrates “Har Ghar Ki Chhathi Maiya”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *