নিজস্ব প্রতিনিধি : ২৯ জানুয়ারি, ২০২৬। রঞ্জি ট্রফির ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে লড়াই করছে বাংলা। বৃহস্পতিবার কুয়াশার কারণে প্রথম সেশনে খেলা শুরু করা সম্ভব হয়নি। ম্যাচ শুরু হয় দূপুর ১২টা ৫৫ মিনিটে। এখানকার চৌধুরী বংশীলাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হরিয়ানা। প্রথম দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার স্কোর বোর্ডের ৫৮ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান। সুদীপ চট্টোপাধ্যায় কল্যাণীতে গত ম্যাচে সার্ভিসেসের বিরুদ্ধে দ্বিশতরান করেছিলেন। আর এদিন তিনি অপরাজিত রয়েছেন ১৭৭ বলে ৭৮ রানে। তাঁর ব্যাট থেকে এসেছে পাঁচটি চার।
অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ বেশি রান করতে পারেন নি। তিনি ৬৯ বলে ২৬ রান করেন।সুদীপ কুমার ঘরামি আউট হন
১রানে। অনুষ্টুপ মজুমদার ৪৭টি বল খেলে ১৯রান করেছেন। শাহবাজ আহমেদ সেই অর্থে রান পান নি। ২৬ বলে ১৫ রান করে প্যাভেলিয়নে ফিরে যান। আর সুমন্ত গুপ্ত ১৬ বলে ৯ রানে আউট হয়ে যান। দিনের শেষে শাকির হাবিব গান্ধী ১ রানে অপরাজিত আছেন। হরিয়ানার বোলার তন্ময় বালোডা পেয়েছেন তিনটি উইকেট। এদিন বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলো বাঁহাতি স্পিনার বিকাশ সিংয়ের। বাংলার কাছে এই খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলার ক্রিকেটারদের সচেতন থাকতে হবে।


