আমি আছি, তুমি আছো তাই…।

সুদীপা চৌধুরী : কলকাতা।

 

আমি আছি, তুমি আছো তাই

এখনও সমস্ত হারিয়ে ফেলার ভয়

আমাকে গ্রাস করতে পারে না।

পৃথিবী যখন হিসেব মেলাতে বসে

আমার প্রাপ্তি আর অপ্রাপ্তির,

তখন তোমার কাছে এলে

নিজেকে আর ব্যর্থ বলে মনে হয় না।

 

জানো, তোমাকে ভালোবাসি বলেই

প্রতিদিন তোমাকে নতুন করে পাওয়ার বাসনা জাগে না,

বরং হারিয়ে ফেলার আশঙ্কাটুকু

কখনও কখনও বুকের মধ্যে

এমন নিঃশব্দে শিকড় ছড়ায়,

যে তোমার মুখের দিকে তাকিয়েও

মনের কথাটা বলা হয়ে ওঠে না।

শুধু মনে হয়, এই মানুষটা থাকুক—

আমার সমস্ত বদলে যাওয়ার পরেও,

আমার ভেঙে পড়া দিনগুলোর পরেও।

 

এখনও কিছু কথা কাউকে বলি না,

শুধু তোমার জন্য রাখি যতনে।

কিছু অভিমান জমতে দিই বুকের ভিতর,

কারণ জানি, সব অভিমানের ব্যাখ্যা হয় না,

কিছু অভিমান আসলে

আরও একটু কাছে পাওয়ার আকুলতার নেশায় হয় মত্ত।

কখনও যদি দেখো, আমি চুপ করে গেছি,

ভেবো না, ভালোবাসা ফুরিয়ে এসেছে।

হয়তো তোমাকে হারানোর ভয়েই

কথাগুলো নিজের মধ্যে গুটিয়ে নিয়েছি।

বয়স একদিন আমাদের মুখ বদলে দেবে,

সময় কেড়ে নেবে অনেক চেনা অভ্যাস,

হয়তো পাশাপাশি বসেও

একদিন অনেকক্ষণ কথা হবে না—

তবু তুমি কি আমার হাতের উপর

তোমার হাতটা রেখে বুঝিয়ে দেবে,

এত বদলের পরেও

আমরা একে অপরের অচেনা হয়ে যাইনি?

 

আমি তোমার জীবনে কোনও অলৌকিক ঘটনা হতে চাই না,

চাই না তোমার সমস্ত দুঃখের অবসান হতে।

শুধু যখন নিজের কাছেই

তোমার নিজেকে অসহ্য মনে হবে,

তখন আমার কাছে এসে বসো।

তোমার কোনও ব্যাখ্যা লাগবে না,

আমারও কোনও প্রশ্ন থাকবে না।

আমি শুধু তোমার পাশে থাকব—

যেমন করে গভীর রাত

নিভে যাওয়া প্রদীপের পাশেও

সকাল আসার অপেক্ষায় থাকে।

তোমার পাশে থাকলে

জীবনকে আর প্রতিদিন জয় করতে ইচ্ছে করে না,

মাঝে মাঝে শুধু তোমার পাশে

সমস্ত পরাজয় নিয়ে বসে থাকতে ইচ্ছে করে।

পৃথিবীর কাছে আমার কী প্রাপ্তি,

কী অপ্রাপ্তি, তার হিসেব থাক।

আমি শুধু চাই, জীবনের শেষ প্রান্তে

ফিরে তাকিয়ে যেন বলতে পারি—

কেউ একজনের কাছে

আমাকে ভালোবাসার যোগ্যতা প্রমাণ করতে হয়নি,

আমার ব্যর্থতা, আমার ক্ষত, আমার নীরবতা—

সবকিছু নিয়েই আমি তার আপন ছিলাম।

 

কারণ শেষ পর্যন্ত

ভালোবাসার সবচেয়ে বড় প্রাপ্তি একসঙ্গে পথ চলা নয়,

এমন একজনকে পাওয়া,

যার কাছে সারাজীবন নিজেকে যোগ্য প্রমাণ করতে হয় না;

শুধু নিজের মতো করে বেঁচে থাকা যায়,

দীর্ঘনিঃশ্বাস ফেলতে হয় না,

শেষ নিঃশ্বাস এর আগেও একটু হাসি জেগে ওঠে শুকিয়ে যাওয়া ঐ ঠোঁট দুটির ফাঁকে।।

 

ফটো গুগল।

More From Author

Shyam Sundar Co. Jewelers Unveils ‘Chomok Bhora Dhanteras 2026’ with Spectacular Offers…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *