পাঞ্জাবের কাছে হার ইস্টবেঙ্গলের…। 

শিখা দেব  : কলকাতা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬। আইএফএ শিল্ডের খেলায় বুধবার নিজেদের মাঠে ইস্টবেঙ্গল হার স্বীকার করল ০-১ গোলে পাঞ্জাব এফ সি-র কাছে। লাল-হলুদের কোচ হিসেবে অভিষেক ম্যাচটা লোপেজ হাবাসের কাছে সুখকর হল না।

এদিনের ম্যাচ ছিল গ্রুপ-শীর্ষে থাকার লড়াই। শক্তিশালী পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশে ক্রিস ইকোনোমিডিস এবং দিয়োগো জিভুলিচকে নিয়ে শুরু করেছিল ইস্টবেঙ্গল।

এই ম্যাচে লাল-হলুদ জার্সিতে দুই বিদেশি ফুটবলার ব্যর্থ। প্রথমার্ধের বেশিরভাগ সময়ে বলের দখলে এগিয়ে ছিল পাঞ্জাব।

খেলার ৪১ মিনিটে এগিয়ে যায় পাঞ্জাব। বক্সের ভিতর বল ক্লিয়ার করতে গিয়ে রাফায়েল মেসি বাউলির পায়ে বল তুলে দেন ইস্টবেঙ্গল রক্ষণভাগের খেলোয়াড় লালচুননুঙ্গা।

মেসির ক্রস থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি দিয়েগো হেনরিকে ওলিভিয়েরা রাপোসো।

বিরতির পর দলে একাধিক বদল আনেন হাবাস। রোহিত দানুকে তুলে পিভি বিষ্ণুকে মাঠে নামান তিনি। তাতেও গোল পরিশোধে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ৯০+২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড ( লাল কার্ড ) দেখে মাঠ ছাড়েন পাঞ্জাবের অধিনায়ক নিখিল প্রভু। ১০ জনের পাঞ্জাবকে পেয়ে সমতা ফেরাতে পারেনি ইস্টবেঙ্গল।

এই ম্যাচে হারের ফলে গ্রুপ-বি থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছালো ইস্টবেঙ্গল। অন্যদিকে, গ্রুপ-এ থেকে শীর্ষস্থানে থেকেই পরের রাউন্ডের ছাড়পত্র পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। শিল্ডের সেমিফাইনালের সূচিতে আইএফএ’র পক্ষ থেকে বলা হয়েছে প্রথম সেমিফাইনালে মোহনবাগান খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে ৪ অক্টোবর আর ইস্টবেঙ্গল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে ৫ অক্টোবর। দুটো সেমিফাইনাল ম্যাচই হবে কিশোর ভারতী স্টেডিয়ামে।

More From Author

বিশ্ব ঘুমিয়ে পড়লেও হার্ট ঘুমোয় না…।

গান অ্যান্ড শেল ফ্যাক্টরি, কলকাতায় AWEIL-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা দিবস উদযাপন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *