অর্জুন চক্রবর্তী : অভিনেতা, কলকাতা, ২৪ নভেম্বর, ২০২৫। চিরতরে চলে গেলেন বলিউড অভিনেতা ও সকলের প্রিয় নায়ক ধর্মেন্দ্র। হিরো তো অনেক আছে। কিন্তু ব্যক্তিগত জীবনেও নায়ক হওয়া! আমি নিজের চোখে দেখেছি।
আমি যখন উদয়পুর মহারানা কলেজে পড়তাম সেই সময় উনি এসেছিলেন মেরা গাও মেরা দেশ ছবির শুটিং এ।
সেখানে কলেজের ছেলেদের সঙ্গে ওই ছবির কলাকুশলীরা একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিল।
আমি তখন কলেজের জেনারেল সেক্রেটারি ছিলাম এবং আমি ও আরো কয়েকজন এর মধ্যস্থতায় ব্যপারটা ভালোয় ভালোয় মিটে গেছিল।
তারপর অনেক বছর কেটে গেছে। আমার পরিচালিত বাংলা ছবি টলিলাইটস এ সনি দেওল ছিল। ও আমায় বললো ওর জুহুর বাড়িতে শুট করার জন্য। আমি পৌঁছলাম।
গিয়ে দেখি সামনে বসার ঘরে আমাদের হী ম্যান বসে আছেন। আমি প্রনাম করলাম উনি আমায় জড়িয়ে ধরলেন।
আমি আমার জীবনে অনেক সুপুরুষ দেখেছি কিন্তু এই রকম দেখিনি। এ যেন অন্য জগতের মানুষ! একটু পরে আমি ওনাকে উদয়পুরের সেই সময়কার ঘটনা বললাম।

আশ্চর্য! দেখলাম ওনার সব কিছু মনে আছে!
শুটিং এর জন্য একটা বড় গাড়ির প্রয়োজন ছিল। উনি নিজের গাড়ি আমাদের দিয়ে দিলেন!
সানি আমায় বলেছিল, “অবাক কান্ড, বাবা এই গাড়িতে কাউকে হাত পর্যন্ত দিতে দ্যান না”!
এই ছবিটা ওনার বসার ঘরে তোলা।
আজ সত্যিকারের নায়কের প্রস্থান, ভীষণ ভাবে নাড়া দিচ্ছে আমায়।
ঈশ্বর সন্তান ঈশ্বরের কাছে ফিরে গেলেন।


